সংবাদ · রাজনীতি
বগুড়ার উন্নয়নে যা করবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী
২২/১০/২০২৬

উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়াকে দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, গত ২০ বছর ধরে বগুড়ার মানুষ উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছেন। তবে বর্তমান সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এবং বগুড়াকে শিল্প, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অন্যতম কেন্দ্রে পরিণত করা হবে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মমইন কনভেনশন সেন্টারে আয়োজিত ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, বগুড়া কৃষিতে উদ্বৃত্ত একটি জেলা। এখানে বছরে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার খাদ্য উদ্বৃত্ত থাকে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে আরাফাত রহমান কোকো প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। বগুড়া বহুমাত্রিক বিমানবন্দর নির্মাণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পে ১০ হাজার ৫৭০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে নতুন গতি আসবে।বগুড়া সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৯৯৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার ১৩টি উপজেলার উন্নয়নে ৩ হাজার ৫০০ কোটি টাকা এবং পৌরসভাগুলোর জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে। বগুড়া ওয়াসা ও বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। বিসিক শিল্প পার্কের কাজও শিগগির শুরু হবে।বিভিন্ন মহাসড়ক চার থেকে ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। যানজট নিরসন ও নগরের সৌন্দর্যবর্ধনে প্রাথমিকভাবে ৭০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। করতোয়া নদীর পাশ দিয়ে চার লেনের সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে।জেলার ১৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বগুড়া বিশ্ববিদ্যালয়কে বহুমাত্রিক উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্রে পরিণত করা হবে। যমুনার ভাঙন রোধ ও পানি সংরক্ষণে ড্যাম্প স্টেশন নির্মাণ করা হবে।শহরের যানজট ও জ্বালানি সংকট মোকাবিলায় বগুড়ার প্রতিটি বাড়ির ছাদে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের আহ্বান জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো দেশকে সমান চোখে দেখেন উল্লেখ করে তিনি বলেন, রংপুর ও গোপালগঞ্জের মতো বগুড়ার উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।সভায় প্রধান বক্তার বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া দীর্ঘদিন বঞ্চিত থেকেছে। এই বঞ্চনার অবসান ঘটিয়ে বগুড়ার উন্নয়ন করতে হবে। বিগত ২০ বছরে বগুড়ার উন্নয়ন নিয়ে যে ভণ্ডামি হয়েছে, আপনারা তার সাক্ষী।’বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে আয়োজিত ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভাপ্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে বগুড়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সত্যকে সত্য হিসেবে তুলে ধরুন। সত্য প্রকাশ করতে গিয়ে তা কারও বিরুদ্ধে গেলেও আমরা স্বাগত জানাব।’সভায় অন্যান্যদের মধ্যে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ ইসলাম আলমগীর পাভেল, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বগুড়া সিটি প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কুদরত-ই-জাহান, জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বক্তব্য দেন।
মূল প্রতিবেদনে যান ↗