সাভারে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আকাশ গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খলিলুর রহমান আকাশ (২৫) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি বেদেপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. খলিলুর রহমান আকাশ সাভারের ওমরপুর (পোড়াবাড়ি বেদেপাড়া) এলাকার মৃত বিল্লাল ও ছাফেলা বেগমের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সাভারের পোড়াবাড়ি বেদেপাড়া এলাকা থেকে আকাশকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
