কালবেলা · সাধারণ
কুড়িগ্রামে মন্দিরের তালা ভেঙে মূর্তি চুরি
১২/১০/২০২৬

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়া এলাকায় হরিপদ রায়ের পারিবারিক রাধাগোবিন্দ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে এই চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
আটক ব্যক্তিরা হলেন- কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম দয়ার চরের মো. জলিল (২৩), মো. জুয়েল (২১), আপেল (২৪) এবং আশিকুর রহমান (২২)। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভুক্তভোগী হরিপদ রায়ের ছেলে ধীমান কুমার রায় বলেন, ‘দুর্বৃত্তরা গ্রিলের তালা ভেঙে রাধাকৃষ্ণের পিতল ও কাঁসার মূর্তি, গোপাল মূর্তি, কাঁসার ঘটি, ঘণ্টা এবং কাঁসর চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।’
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘মূর্তি চুরির এই ঘটনার পর সারারাত অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’
মূল প্রতিবেদনে যান ↗