Published on
:
2 min read
এই সময়, খড়্গপুর: ক্রেতা সেজে ঢুকে দু’টি দোকান থেকে সোনা চুরির অভিযোগ উঠল ডেবরায়। একই দিনে ঘটনাটি ঘটেছে ডেবরার অকালপৌষ এবং রাধামোহনপুরে। দোকানের মালিকদের বয়ান শুনে পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনা একই যুবক ঘটিয়েছেন। প্রথমে একটি দোকান থেকে লকেট চুরির পরে সেখান থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে অন্য দোকান থেকে সোনার হার চুরি করে। সিসিটিভি ক্যামেরা দেখে দুষ্কৃতীর বিরুদ্ধে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ৯টা নাগাদ অকালপৌষ বাজারে। সবে দোকান খুলেছেন উৎপল বেরা। এমন সময় মাথায় কালো টুপি, কালো শার্ট এবং নীল জিন্স পরে এক ক্রেতা দোকানে আসেন। তিনি নিজের খুশি মতো নানা কথা বলতে থাকেন। এমনকী, ড্রয়ার থেকে সোনার লকেটও তুলে নেন। তারপর সেটি প্যাক করে রাখতে বলেন। আর জানান, এখুনি স্ত্রীকে নিয়ে আসছেন। তারপর লকেট নিয়ে যাবেন। তারই মাঝে নানা কথায়, ১০-১২ গ্রাম সোনার লকেটটি নিয়ে বেরিয়ে যান। দোকান মালিক উৎপল বলেন, ‘পরে দেখি লকেটটি নেই। আমি নিজেই অবাক হয়ে গেলাম যে, কী ভাবে একজন ক্রেতা আমার ড্রয়ারে পর্যন্ত হাত দিল। আমি কিছুই বললাম না। আমি তো এ ভাবে কাউকে কোনও জিনিসে কখনও হাত দিতে দিইনি। কোনও কিছু রাসায়নিক প্রয়োগ করে আমাকে এমন করেনি তো?’ ঘটনা উল্লেখ করে সিসিটিভি ক্যামেরার ফুটেজও দিয়েছেন পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তও করেছে।
এই ঘটনার পরে দুপুরে যখন রাস্তা শুনশান, দোকানেও ভিড় কম তখন রাধামোহনপুরের আর একটি সোনার দোকানেও একই ঘটনা ঘটে। অভিযোগ, দুপুরে দোকান ফাঁকা ছিল। সেই সময়ে সোনা কেনার নাম করে নানা গয়না দেখতে চান এক যুবক। তারপর ১৫ থেকে ১৬ গ্রাম সোনার গয়না জোর করে নিয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজে একই যুবককে দেখা গিয়েছে সোনার দোকানে। তবে টুপি এমন ভাবে পরেছিল যে, মুখ স্পষ্ট দেখা যায়নি। পরিকল্পনা করে কাজটি করেছে বলে পুলিশের অনুমান।
