পিস্তল নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা যেন সন্ত্রাসবাদকেই প্রমোট করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।
শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
শেখ ফজলুল করীম মারুফ বলেন, সমাজ, বন্দর, নগর, অলিগলি, পাড়া-মহল্লা থেকে মাদক দূর হোক, এটা কে না চায়? আমরা তো দীর্ঘদিন ধরেই এসব বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। কিন্তু, আজকে মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল হাতে বিএনপি নেতা ইশরাক হোসেন যে মহড়া দিয়েছেন, তা আমাদেরকে হতাশ করেছে।
বিবৃতিতে তিনি বলেন, তিনি (ইশরাক) মূলত এই হীন কাজের মাধ্যমে সন্ত্রাসবাদকেই প্রমোট করেছেন। আমরা এসব কর্মকাণ্ডকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
তিনি আরও বলেন, সরকার একদিকে মাদকবিরোধী অভিযানের ঘোষণা দেয় আবার অন্যদিকে তাদের নেতাকর্মীদের মাদক থেকে দূরে রাখতে পারছে না। যেখানেই মাদক কারবারি ধরা হয়, তাদের সিংহভাগই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা সামান্য মুচলেকা দিয়ে আবার স্বরূপে ফিরে আসে। সরকার এবং প্রশাসন যেন জাতির সামনে নাটক উপস্থাপন করছে। এসব তামাশা ছেড়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আপনাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
জেইউ/এসএএস
