স্পোর্টস ডেস্ক।।
জাতীয় সামার অ্যাথলেটিকস মাঠে গড়ানোর আগে টাইমিং বিতর্ক এড়তে প্রযুক্তি ব্যবহারে ঘোষণা দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। কিন্তু মাঠে গড়ানোর প্রথম দিনেই বির্তক হলো টাইমিং নিয়ে। ১০০ মিটার পুরুষ স্প্রিন্টের সময় ইলেকট্রনিক বোর্ড ছিল অচল। নারী ইভেন্টে যে টাইমিং প্রদর্শন করেছে, সেটার সাথে আবার তারতম্য ছিল অনেক। স্টেডিয়ামের ডিজিটাল ডিসপ্লেতে ইমরানুর রহমানের টাইমিং প্রথমে প্রদর্শন করেছিল ১০.৭৩ সেকেন্ড। এর কয়েক মিনিট পর দেখা যায় ১০.৫৩ সেকেন্ড। সেটার পাশেও লেখা প্রভিশনাল। ১০.৫৩ সেকেন্ড টাইমিং ধরেই সাংবাদিকরা দ্রুততম মানব ইমরানুর রহমানের সঙ্গে আলাপ করেন। জাপানের আইচি নাগোয়া এশিয়ান গেমসে ইমরানের টাইমিং আরও কম ছিল। এ নিয়ে ইমরানের ব্যাখ্যা, ‘আমি চেষ্টা করেছি। কিন্তু টাইমিংটা এ রকম হয়েছে। আরও কয়েকটি ইভেন্ট আছে, ভালো করার লক্ষ্য রয়েছে।’
আরাফাত রহমান কোকো জাতীয় সামার অ্যাথলেটিকসে দ্রুততম মানবের খেতাব ধরে রেখেছেন ইমরানুর রহমান। পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেছেন তিনি। নারীদের ১০০ মিটারেও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন শিরিন আক্তার। গত জাতীয় অ্যাথলেটিকসে সুমাইয়া দেওয়ানকে হারিয়ে দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার করেছিলেন শিরিন। এবারও তার শ্রেষ্ঠত্বের পথে বাধা হতে পারেননি সুমাইয়া। তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।
আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে ইমরানুরের পর দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি সময় নিয়েছেন ১০.৬৬ সেকেন্ড। ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন তারেক রহমান। অন্যদিকে, নারীদের ১০০ মিটারে ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেন শিরিন। ১২.২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন শরীফা খাতুন। আর ১২.৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন সুমাইয়া দেওয়ান।
আরাফাত রহমান কোকোর নামে আয়োজিত ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু হয়েছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তিন দিনের এই প্রতিযোগিতা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এবারের আসরে ৫৭টি সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। পুরুষদের ২২টি ও নারীদের ১৮টিÑমোট ৪০টি ইভেন্টে হচ্ছে পদকের লড়াই। বিকেলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
