ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি আরব। দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে রিয়াদ। খবর আল জাজিরার।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে গঠিত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’
এর আগে ইয়েমেনে দুই দিনের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুতি বিদ্রোহীরা। হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছে গোষ্ঠীটি। তবে এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হুতিদের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, শনিবার রাজধানী সানায় পৃথক দুটি হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে।
একই দিন হুতিদের গণমাধ্যম কেন্দ্র জানায়, দেশটির তাইজ প্রদেশের উপকূলীয় শহর মোখায় দফায় দফায় বিমান হামলা চালানো হয়েছে। সেপ্টেম্বরের শুরুর দিকে শহরটি দখলে নেয় হুতিরা। তবে হামলায় কী ধরনের স্থাপনা বা লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি গণমাধ্যম কেন্দ্রটি।
এদিকে লোহিত সাগরের প্রবেশপথ বাব আল মান্দেব প্রণালির কাছে হুতিদের কাছ থেকে উপকূলীয় এলাকা পুনর্দখলে পাল্টা অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী।
গত মাসে দেশটিতে সংঘাতের তীব্রতা ব্যাপকভাবে বেড়ে যায়। এতে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়ে। ২০২২ সাল থেকে যুদ্ধবিরতিটি কার্যকর ছিল।
সূত্র : আল জাজিরা
