ঝালকাঠি জেলা কারাগারে বন্দি থাকা কাজল রেখা (৩৫) নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
কাজল রেখা ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে বন্দি ছিলেন।
ঝালকাঠি জেলা কারাগারের সুপার মোহাম্মদ বিকাশ রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাতে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়লে কাজল রেখাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে।
কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধারের কথা জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
কারাগারের সুপার মোহাম্মদ বিকাশ রায়হান আরও জানান, দীর্ঘদিন মাদক গ্রহণের অভ্যাস থাকলে তা বন্ধ করার পর কিছু ক্ষেত্রে মাদক প্রত্যাহারজনিত উপসর্গ দেখা দিতে পারে। কাজল রেখা অসুস্থ হওয়ার সময় এ ধরনের উপসর্গ দেখা দিয়েছিল বলে তাঁর ধারণা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এমএস/
