বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগের একটি কক্ষে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষের এসিটিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালের কর্মীরা দ্রুত এগিয়ে আসেন এবং নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে চক্ষু অপারেশনের কাজে ব্যবহৃত বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও চিকিৎসাসামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
হাসপাতালের ওয়ার্ড বয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোজাফফর হোসেন ডালিম জানান, দুপুর আড়াইটার পর বহির্বিভাগ বন্ধ হয়ে যায়। এরপর সেখানে কর্মচারী ছাড়া রোগী ও সাধারণ মানুষের যাতায়াত থাকে না। রাতে ওই কক্ষের এসি বিস্ফোরিত হয়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনে চোখের লেন্স পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জামসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় কক্ষের বাইরের থাই গ্লাসও ভেঙে যায়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘বিস্ফোরণ থেকে চক্ষু বিভাগের অপারেশন থিয়েটারে আগুন লেগে কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
