নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে শাহিন মিয়া (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। বুধবার বিকেলে আমীরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা হয়।
নিহত শাহিন মিয়া খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে।
অপরদিকে অভিযুক্তরা হলো– নিহতের চাচা মোবারক এবং তার ছেলে রাব্বি (১৭)।
পুলিশ ও নিহতের পরিবারের স্বজনরা জানান, বাড়ির পাশে রাখা ইট নেওয়াকে কেন্দ্র করে আওলাদ হোসেনের সঙ্গে কলহ বাঁধে প্রতিবেশী চাচা মোবারক হোসেনের পরিবারের। এ জেরে মোবারক ও তার ছেলে রাব্বি দেশীয় অস্ত্র দিয়ে শাহিন মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর হতে অভিযুক্তরা পলাতক রয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে কে বা কারা এ হত্যার ঘটনা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
