ভারতে তরুণদের চলমান সরকারবিরোধী আন্দোলনে ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থান অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। তাঁর ভাষ্য, বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন থেকে শিক্ষা নিয়েছে ভারতের তরুণসমাজ।
বিজ্ঞাপন
মঙ্গলবার প্রগতিশীল ছাত্রসংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন নেহা বোরা। সংগঠনটির ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলন উপলক্ষে তিনি শুভেচ্ছা ও সংহতি জানান।
ভিডিও বার্তায় নেহা বোরা বলেন, ‘ভারতজুড়ে এখন যে জেন-জি আন্দোলন চলছে, তা মূলত শুরু হয়েছে বাংলাদেশকে দেখে।’
বাংলাদেশের আন্দোলন ভারতের তরুণদের পথ দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের পথ দেখানোর জন্য এবং ভারতের তরুণসমাজের প্রতি সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা জানি, বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল, তা ছিল গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই। বর্তমানে ভারতে যে বিক্ষোভ চলছে, তার উদ্দেশ্যও একই।’
এআইএসএর এই নেত্রী আরও বলেন, বাংলাদেশের আন্দোলন থেকে তাঁরা অনুপ্রেরণা পেয়েছেন এবং সেই আন্দোলনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, ‘আমরা আপনাদের প্রতি সংহতি প্রকাশ করছি। আপনাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি ও আপনাদের করা আন্দোলন থেকে শিখতে পেরেছি। আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারব।’
এমএমআর
-18c49e.jpg&w=1440&q=75)