দুর্গাপূজায় বাংলাদেশে কোনো হুমকি নেই। তবে কিছু দুষ্টচক্র পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে সতর্ক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সমস্যা সৃষ্টিকারীদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, “বাংলাদেশে কোনো হুমকি নেই। কিন্তু কিছু দুষ্টচক্র দেখেছেন। গাজীপুরে কোরআন শরিফ নিয়ে মণ্ডপের ভেতরে ঢুকে দেবীর সামনে রেখে একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল। তাকে আটক করা হলে তিনি বলছেন, মাথা খারাপ, মানসিক রোগী। তাঁর ওখানে কাজ কী?”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী হোসেন ফকির বলেন, প্রতিমা আনার সময় গাড়িতে ধাক্কা লেগে হাত ভেঙে দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা যেখানে তিন লাখ চার হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করেছি। একইসঙ্গে আপনারাও সামর্থ্যবান ও দক্ষ স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছেন। তারপরও কেন এখানে সমস্যা হবে? তার মানে সমস্যা আমাদের ভেতরেই। এই সমস্যা সৃষ্টিকারী কারা, তাদের আমরা চিনি। সুতরাং আপনারা ২৪ ঘণ্টা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন।”
শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন আইজিপি। তিনি বলেন, “শত বিপদ জয়ের মাঝেও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। জুলাই অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর যে অবস্থা ছিল, তাতে তারা রাস্তায় কাজ করতে ভয় পেতেন। সেখান থেকে পুলিশকে আমরা সেভাবে ঘুরিয়ে নিয়ে এসেছি।
“তাদের মনোবল, সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য চেষ্টা করছি, যাতে আপনারা নিরাপদে ঘরে বসবাস করতে পারেন এবং দিনে-রাতে সব সময় ভালো পরিবেশে কর্মস্থল থেকে ঘরে ফিরে আসতে পারেন। সেজন্য আমরা কাজ করছি।”
সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, এলাকায় কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে কমিটি গঠন করা হবে।
এ সময় আইজিপির সঙ্গে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, জেলা সিআইডির পুলিশ সুপার মো. জাকির হোসেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২০/১০/২০২৬
