নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর গোপন আঁতাত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, এই বিষয়ে বিএনপি ইতোমধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য-প্রমাণ জাতির সামনে তুলে ধরেছে।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাম্প্রতিক একটি বক্তব্যের জবাবে রিজভী বলেন, মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বর্তমান সরকারকে বিব্রত করার অপচেষ্টা চালাচ্ছেন।
দেশে নতুন করে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করা হলে জনগণ তা কঠোরভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। রিজভী আরও বলেন, বিরোধীদের অপপ্রচার ও উসকানিতে কান না দিয়ে সরকার পূর্ণ দায়িত্বশীলতা নিয়ে জনকল্যাণে কাজ করে যাচ্ছে।
এ সময় বর্তমান সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে তিনি জানান, বিশ্ব ক্ষুধা সূচকে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ এখন অনেক ভালো অবস্থানে রয়েছে, যা সরকারের সঠিক ও সময়োপযোগী নীতিরই সঠিক প্রতিফলন।

