কুমিল্লার মনোহরগঞ্জে ৪৫ পিস ইয়াবা ও নগদ ৪৯২০ টাকাসহ তৃতীয় লিঙ্গের (হিজড়া) সরদার রানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলা সদরে মনোহরগঞ্জ সরকারি স্কুল ও কলেজ মাঠে একটি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ উপজেলায় রানী মুখার্জি দেবী হিজড়া (৪৯) দীর্ঘদিন থেকে ইয়াবা কারবারসহ সমাজের বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুনয়ন বড়ুয়া, এসআই টিটু কুমার নাথ, এএসআই ইমরান হোসেনসহ থানার অফিসার ফোর্সের সমন্বয়ে একটি বিশেষ অভিযান চালিয়ে রানী মুখার্জি দেবী হিজরাকে গ্রেপ্তার করে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ জানান, রানী মুখার্জী দেবী হিজড়ার নামে অত্র থানায় ৫টি মাদক মামলা রয়েছে। নতুন আরেকটি মামলা প্রক্রিয়াধীন। মঙ্গলবার সকালে আসামিকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
