নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা আকলিমা আক্তার পাখি (৩০) ও তার ৮ বছর বয়সী মেয়ে রাফা মনির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কের সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা আক্তার ও রাফা মনি ঘোড়াশাল পৌরসভার ফুলদিরটেক গ্রামের সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী ও সন্তান। তারা ওই গ্রামে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আকলিমা আক্তার তার শিশু মেয়ে রাফা মনিকে নিয়ে ঘোড়াশাল বাইপাস সড়কে ঘুরতে আসেন। পরে তারা সন্ধ্যা ৭টার দিকে ঘোড়াশাল রেললাইনে উঠেন। এসময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে আকলিমা আক্তার মারা যান। পরে রাফা মনিকে আহত অবস্থায় নরসিংদীর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাত ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থল থেকে আকলিমা আক্তারের মরদেহ উদ্ধার করেন নরসিংদী রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ জানান, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
