Published on
:
2 min read
এই সময়, শিলিগুড়ি: বৃহস্পতিবার, পঞ্চমীতে তুমুল ভিড় আছড়ে পড়ল শিলিগুড়ির পুজো মণ্ডপগুলিতে। সন্ধ্যার অপেক্ষায় না থেকে এদিন সকাল থেকেই শহরের দাদাভাই স্পোর্টিং ক্লাব, সুব্রত সংঘ, ডাবগ্রাম সূর্যনগর, রবীন্দ্র নগরের রবীন্দ্র সংঘ, রথখোলা স্পোর্টিং ক্লাব, চম্পাসারির জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার- সহ বিভিন্ন মণ্ডপে প্রচুর মানুষের সমাগম দেখা গিয়েছে। পাশাপাশি বাবু পাড়া ইয়াং ম্যান অ্যাসোসিয়েশন এবং উজ্জ্বল সংঘের মাঠেও সকাল থেকেই বহু মানুষ ঠাকুর দেখতে এসেছেন।
এর পাশাপাশি জায়গা বদলের পরেও সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটির পুজোয় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। এ বছর রেলের মাঠের বদলে এনজেপি থানার উল্টোদিকে এডিআরএম অফিসের পাশের মাঠে অায়োজন করা হয় পুজোর। উদ্যোক্তাদের আশঙ্কা ছিল, স্থান বদলে হয়তো দর্শনার্থীদের সমাগমে ভাটা পড়বে। কিন্তু সে আশঙ্কা উড়িয়ে সকাল থেকেই সেখানে দর্শনার্থীদের ঢল নামে। এছাড়া, এদিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে প্রবীণ মানুষ–সহ বহু দর্শনার্থীদের বিশেষ সহায়তায় বিভিন্ন মণ্ডপ ঘুরিয়ে দেখানো হয়। এদিন সন্ধ্যায় দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে একসঙ্গে পুজো দেখতে এসেছিলেন কলেজ পড়ুয়া রাজ, পায়েল, সুমন্ত, বৈষ্ণবী প্রমুখ। রাজ বলেন, ‘আমাদের কয়েকজন বন্ধু বিভিন্ন জায়গায় কাজ করে। ছুটি পায়নি, তাই ওরা আসতে পারেনি। ওরা এলে বেশি ভালো লাগত।’
হায়দার পাড়া স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে এসেছিলেন সত্তরোর্ধ্ব ঊষা দেবনাথ। তিনি বলেন, ‘এর পর থেকেই ভিড় হবে প্রচুর। তাই নাতি আজই ঠাকুর দেখতে নিয়ে এসেছে।’ এর মধ্যেই আবার অফিস ফেরত তানিয়া সেনগুপ্ত রথ দেখা ও কলা বেচা দু’টোই একসঙ্গে সেরে এদিন বাড়ি ফিরছেন। তিনি বলেন, ‘রবিবার থেকে দু’দিন অফিসে ছুটি মঞ্জুর হয়েছে।’ তাই কাজ থেকে ফেরার পথে কেনাকাটা করে কয়েকটি মণ্ডপ দেখে বাড়ি ফিরছি।’ এদিন রাত যত বেড়েছে ততই মণ্ডপে মণ্ডপে ভিড় বেড়েছে। সবারই এক কথা, ষষ্ঠী থেকে প্যান্ডেলে তিল ধারনের জায়গা থাকবে না। তাই আগেভাগে ঘুরে যাওয়া।
