গলাচিপা কলেজে নবীনবরণের ব্যানার ছেঁড়া নিয়ে বিরোধ, ছাত্রদল কর্মীকে মারধরের অভিযোগ
পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠান ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলা, ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার এবং ফেসবুকে প্রতিবাদ করাকে কেন্দ্র করে ছাত্রদল কর্মী শাহাদাত হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, নবীনবরণ অনুষ্ঠানের আগের রাতে কলেজ ক্যাম্পাসে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলা হয়। একই সময়ে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগও সামনে আসে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করেন ছাত্রদল কর্মী শাহাদাত হোসেন। এরপর তাঁকে ফোন করে ডেকে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, পরে কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম শফিক ও যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহমেদের নেতৃত্বে শাহাদাতের ওপর হামলা চালানো হয় এবং তাঁকে মারধর করা হয়।
এ ছাড়া নবীনবরণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা সাজসজ্জা ও প্রয়োজনীয় সামগ্রী খুলে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে শফিকুল ইসলাম শফিক ও নিশাত আহমেদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘিরে কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের কারণে কোনো শিক্ষার্থী বা সংগঠনের কর্মী হামলা ও হয়রানির শিকার হলে তা শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং সাংগঠনিক শৃঙ্খলার জন্য উদ্বেগের বিষয়।
এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি উঠেছে। পাশাপাশি অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই বাংলা/এমএস
