প্রথম দু’ম্যাচে জয়। আর একটি ম্যাচ জিতলেই সিরিজ পকেটে। ২৭ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে নামবে টিম ইন্ডিয়া। ওয়েলিংটনে সেই ম্যাচে নামার আগে বড় বদল আসতে পারে ভারতীয় দলে। বাদ পড়বেন বৈভব সূর্যবংশী ও ভুবনেশ্বর কুমার? সিরিজ জয়ের ম্যাচে কেমন হতে পারে গৌতম গম্ভীরের দলের প্রথম একাদশ?
আগের দু’টি ম্যাচেই রান তাড়া করে জিতেছে ভারত। এই সিরিজে কামব্যাক হয়েছে ভুবনেশ্বর কুমারের। তবে দু’ম্যাচেই সেভাবে নজর কাড়তে পারেননি। ৮ ওভারে ৯৯ রান দিয়েছেন। পেয়েছেন মাত্র ১ উইকেট। ৩৬ বছর বয়সি পেসারের কামব্যাক নিয়ে যে প্রত্যাশা ছিল, তার ধারেকাছে যেতে পারেননি ভুবি। তৃতীয় ম্যাচে কি তাঁকে বাদ দেওয়া হতে পারে? সেক্ষেত্রে ময়ঙ্ক ও প্রিন্স যাদব, দু’জনেই প্রথম একাদশে থাকতে পারেন।
অন্যদিকে বৈভব দলে থাকবে কি না, সেটাও একটা প্রশ্ন। প্রথম টি-টোয়েন্টিতে কুঁচকির পেশিতে টান লাগে ঈশান কিষানের। তাঁকে বাদ দিয়ে প্রথম একাদশে ঢোকে বৈভব। যদিও ৪ রানের বেশি করতে পারেনি ভারতের বিস্ময় তারকা। ওপেনারেরা দ্রুত ফিরে গেলে তিন নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিংয়ে ইনিংস সামলানোর ক্ষমতা রয়েছে ঈশানের। সেখানে অচেনা জায়গায় নেমে কিছুটা অস্বস্তিতেই পড়ে বৈভব। চাপের মুখে বড় শট খেলতে গিয়ে আউট হয় ১৫ বছর বয়সি ক্রিকেটার।
তবে তৃতীয় ম্যাচে সম্ভবত বৈভবকে বাদ দেওয়া হবে না। কারণ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও খেলতে পারবেন না ঈশান। সামনে ঠাসা ক্রীড়াসূচি। সেকথা কথা মাথায় রেখে তাঁকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। তিনি না থাকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যর্থ হলেও আরও হয়তো এক ম্যাচে সুযোগ পাবে বৈভব। তবে প্রশ্ন হল, পরিচিত ওপেনিংয়েই ফিরবেন? নাকি তিন নম্বরেই খেলতে হবে?
