Published on
:
1 min read
এই সময়, বর্ধমান: মাঠ জুড়ে হাজার হাজার একর জমিতে চাষ হয়েছে সুগন্ধি গোবিন্দভোগ ধান। কিন্তু ধানগাছে ফুল আসার গুরুত্বপূর্ণ সময়ে জলের অভাবে চরম দুশ্চিন্তায় পড়েছেন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের কৃষকরা। কুলচৌরা-সহ একাধিক গ্রামের চাষের জমি শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে। আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির দেখা নেই। অন্য দিকে, ডিভিসির ক্যানাল থাকলেও বর্তমানে জলপ্রবাহ বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।
কৃষকদের কথায়, 'এই মুহূর্তে গোবিন্দভোগ ধানের ফুল আসার সময়। ধানের ফলন ভালো হওয়ার জন্য এই পর্যায়ে পর্যাপ্ত জলের প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন বৃষ্টির অভাব এবং ক্যানালে জল না থাকায় জমিতে সেচ দেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে সময়মতো জল না পেলে ধানের ফলন মারাত্মকভাবে ক্ষতি হবে।' এলাকার কৃষকদের অভিযোগ, সেচের জন্য ডিভিসির ক্যানাল থাকলেও তাতে জলপ্রবাহ বন্ধ রয়েছে। ফলে বিকল্প উপায়ে জমিতে জল দেওয়া নিয়ে সমস্যায় পড়ছেন তাঁরা। হাজার হাজার একর জমিতে চাষ করা গোবিন্দভোগ ধান কী ভাবে বাঁচানো যাবে, তা নিয়েই এখন চিন্তায় দিন কাটছে কৃষকদের।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে ডিভিসির ক্যানালে জল ছাড়ার আবেদন জানিয়েছেন কুলচৌরা-সহ পার্শ্ববর্তী এলাকার কৃষকরা। তাঁদের দাবি, ধানের এই গুরুত্বপূর্ণ সময়ে দ্রুত সেচের জল সরবরাহ করা না হলে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে গোবিন্দভোগ ধানের চাষ। এখন কৃষকদের একটাই প্রশ্ন-সময়মতো ক্যানেলে জল মিলবে কি? নাকি জলের অভাবে মাঠেই নষ্ট হবে তাঁদের সারা বছরের পরিশ্রম? দ্রুত সেচের জলের ব্যবস্থা করার দিকেই তাকিয়ে রয়েছেন খণ্ডঘোষের অসংখ্য কৃষক।
