ফেসবুক খুললেই সামনে আসছে অপ্রয়োজনীয় পোস্ট কিংবা পছন্দের বাইরের ভিডিও? এবার নিজের পছন্দের কথা সরাসরি ফেসবুককে জানাতে পারবেন ব্যবহারকারীরা। ‘ইয়োর অ্যালগরিদম’ (Your Algorithm) নামের নতুন সুবিধা চালু করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এর মাধ্যমে ফিড ও রিলসে কোন ধরনের পোস্ট ও ভিডিও বেশি দেখতে চান, আর কোনগুলো কম দেখতে চান, তা জানানোর সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
মেটার নিউজরুমে এক ঘোষণায় জানানো হয়, নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহের বিষয়গুলো সরাসরি যুক্ত ও পরিবর্তন করতে পারবেন। সেই অনুযায়ী ফেসবুকের ফিড ও রিলসে কনটেন্ট বা বিষয়বস্তুর সুপারিশও পরিবর্তিত হবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কনটেন্ট দেখানোর এই ব্যবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কাজ করবে। নতুন সুবিধাটি ব্যবহার করতে প্রথমে ফেসবুক অ্যাপ খুলে ফিড বা রিলসে যেতে হবে। এরপর যেকোনো পোস্টের পাশে থাকা তিনটি ডট চিহ্নে চাপ দিতে হবে। সেখানে ‘ইয়োর অ্যালগরিদম’ অপশনটি থাকলে সেটিতে প্রবেশ করে নিজের পছন্দের বিষয় যোগ বা পরিবর্তন করা যাবে।
এ ছাড়া কোনো পোস্টের নিচে ‘ইন্টারেস্টেড’ (Interested) বা ‘নট ইন্টারেস্টেড’ (Not interested) অপশন থাকলে সেগুলো ব্যবহার করেও নিজের পছন্দ জানানো যাবে। ‘ইন্টারেস্টেড’ নির্বাচন করলে ওই ধরনের বিষয়বস্তু আরও দেখতে চান বলে ফেসবুককে জানানো হবে। আর ‘নট ইন্টারেস্টেড’ নির্বাচন করলে একই ধরনের কনটেন্ট কম দেখানোর সংকেত যাবে। প্রয়োজনে ব্যবহারকারীর কাছে আরও বিস্তারিত জানতে চাইতে পারে ফেসবুক।
মেটার ভাষ্য অনুযায়ী, ব্যবহারকারীর দেওয়া মতামতের ভিত্তিতে ফিড ও রিলসের সুপারিশ তাৎক্ষণিকভাবে পরিবর্তিত হতে পারে। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি বড় ভাষা মডেল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহারকারীর লেখা থেকে তাঁর আগ্রহ ও পছন্দের ধরন বুঝতে সাহায্য করবে।
তবে নতুন সুবিধাটি সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে একসঙ্গে নাও দেখা যেতে পারে। মেটার ঘোষণায় কোন কোন দেশে এটি প্রথম চালু হচ্ছে, তার নির্দিষ্ট তালিকা দেওয়া হয়নি। তাই বাংলাদেশি ব্যবহারকারীদের অ্যাপে ‘ইয়োর অ্যালগরিদম’ অপশনটি আছে কি না, তা পরীক্ষা করে দেখতে হবে।
এই সুবিধা ফেসবুকের সব ধরনের কনটেন্ট নিয়ন্ত্রণের সুযোগ নয়। এটি মূলত ফিড ও রিলসে সুপারিশ করা পোস্ট এবং ভিডিওকে ব্যবহারকারীর আগ্রহের সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ করার ব্যবস্থা।
