নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিয়াড় গাড়ফাগ্রামে ঘাসের জমি থেকে কালু ওরফে রঞ্জু (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে প্রতিবেশী কৃষক শরীফ ফজরের নামাজ শেষে সবজি তুলতে গিয়ে পাশের জমিতে একটি কলস ও মানুষের পায়ের পাতা দেখতে পান। কাছে গিয়ে রঞ্জুর নিথর দেহ পড়ে থাকতে দেখে তিনি শোরগোল করলে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।
মৃত কালু ওরফে রঞ্জু বড়াইগ্রাম উপজেলার দিয়াড় গাড়ফা গ্রামের মৃত শরম প্রামাণিকের ছেলে।
এলাকায় অত্যন্ত সহজ-সরল ও 'পাগল' হিসেবে পরিচিত রঞ্জুর এমন রহস্যজনক মৃত্যুতে ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। নিহতের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখতে গভীর তদন্ত শুরু করেছে বলে জানান তারা।
