স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর ডেমরায় ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তুলা মিয়া (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বামৈল এলাকার একটি রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রুবেল মিয়া জানান, বিকেলে তাঁর বাবা গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
নিহত তুলা মিয়া শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উল্লারপাড় গ্রামের শহর আলীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর ডেমরার বামৈল পুরাতন বাঁশতলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন তিনি।
