পাবনার ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আলী (৫৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার বিলচান্দক গ্রামের বাসিন্দা এবং বিলচান্দক গ্রামের হাজী মহির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় শাপলা-কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের সাবেক শিক্ষক ছিলেন এবং দিঘুলিয়া বাজারে ব্যবসা করতেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডেমড়া চার মাথার মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোহাম্মদ আলী ফরিদপুর থেকে মোটরসাইকেলযোগে ডেমড়া যাচ্ছিলেন। পথিমধ্যে ডেমড়া চার মাথার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ৮টার দিকে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল হাসান মাসুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যেতে সক্ষম হয়। চালককে গ্রেফতারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
