জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলের নেতৃত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। দলটির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দুয়েক দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুনর্গঠিত কমিটিতেও আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন থাকতে পারেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
বর্তমানে হাসনাত আবদুল্লাহ দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। নতুন কমিটি হলে তাঁদের বর্তমান দায়িত্বে পরিবর্তন আসতে পারে।
আরও পড়ুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

এ ছাড়া দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করার বিষয়ে আলোচনা রয়েছে। দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদেও পরিবর্তন আসতে পারে।
সারজিস আলমকে দলের সাংগঠনিক কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হতে পারে। এ কাজে তাঁকে সহযোগিতা করতে পারেন রাজনৈতিক পরিষদের সদস্য আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ।
কমিটির পরিবর্তন নিয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
তবে নতুন কমিটির পদ ও দায়িত্ব নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে আলোচনায় থাকা পরিবর্তনগুলো চূড়ান্ত কি না, তা জানতে দলের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।
