চট্টগ্রামের মিরসরাইয়ে ৭০ লাখ ১০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে জুতা, ব্যাগ ও লাগেজশিল্পের উপকরণ তৈরির কারখানা স্থাপন করছে চীনা প্রতিষ্ঠান কেপিএসটি। নতুন এ বিনিয়োগে একদিকে যেমন ২০০ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে তেমনি দেশের রপ্তানিমুখী ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় উপকরণের স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়বে। ভারত ও কম্বোডিয়ার বাজারেও পণ্য সরবরাহের লক্ষ্য নিয়ে মিরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এ কারখানাটি স্থাপন করছে প্রতিষ্ঠানটি, যা চট্টগ্রামে শিল্প বিনিয়োগ ও রপ্তানিমুখী উৎপাদন সম্প্রসারণে নতুন সংযোজন।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় বেপজা কমপ্লেক্সে নতুন কারখানা স্থাপনের জন্য জমি ইজারা চুক্তি সই করে কেপিএসটি নিউ মেটেরিয়াল (বিডি) কোম্পানি লিমিটেড ও বেপজা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিনিয়োগ বাংলাদেশ কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং কেপিএসটির পরিচালক ঝাং ইউগুও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেপজা সূত্রে জানা গেছে, মিরসরাইয়ে ৭ হাজার ২০০ বর্গমিটার জমিতে নির্মিত হবে নতুন কারখানাটি। এখানে ফুটওয়্যার এক্সেসরিজ, ব্যাগ ও লাগেজের উপকরণ এবং কাগজ ও মুদ্রণসামগ্রী তৈরি করা হবে। উৎপাদিত পণ্য বাংলাদেশের রপ্তানিমুখী জুতা তৈরির কারখানার পাশাপাশি ভারত ও কম্বোডিয়ার ফুটওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোতেও সরবরাহ করা হবে।
কারখানাটি পূর্ণ উৎপাদনে গেলে বছরে ১ কোটি ১০ লাখ জোড়া ফুটওয়্যার এক্সেসরিজ, ২৪ হাজার ঘনমিটার ফোম, ২ লাখ কাটিং বোর্ড এবং আড়াই লাখ কাটিং ডাইস ও মোল্ড উৎপাদনের সক্ষমতা তৈরি হবে। জুতা উৎপাদনে ব্যবহৃত অন্যান্য প্রয়োজনীয় উপকরণও তৈরি করবে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে স্থানীয়ভাবে এসব উপকরণের সরবরাহ বাড়ার পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের সরবরাহব্যবস্থায় নতুন সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশে কেপিএসটির এটিই প্রথম বিনিয়োগ নয়। একই মালিকানাধীন প্রতিষ্ঠান কেপিএসটি সুজ (বিডি) কোম্পানি লিমিটেড মিরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ থেকে প্রথম রপ্তানি কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি ২০২৩ সালের নভেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদনে রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেপিএসটির পরিচালক ঝাং ইউগুও বলেন, প্রথম কারখানায় উৎপাদিত পণ্যের ধারাবাহিক চাহিদা এবং নতুন নতুন ক্রয়াদেশ বাড়ায় একই অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বিনিয়োগের পরিবেশ বিবেচনা করেই বেপজাকে ব্যবসা সম্প্রসারণের কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
নতুন বিনিয়োগকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে কেপিএসটির আস্থাকে তারা স্বাগত জানান।
জেডএস
