ভারতের কোলকাতায় হিন্দু ধর্মীয় উৎসবে ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের প্রাণহানি
পূর্ব ভারতের কোলকাতায়, একটি হিন্দু ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
গতকাল শনিবার, পদদলনের এই ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ ও অন্যান্য সূত্র থেকে এও জানা যায় যে, আরও ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায় যে, বৃষ্টি শুরু হওয়ায় অনুষ্ঠানস্থলের বাইরে অপেক্ষারত বিপুল সংখ্যক মানুষ হুড়োহুড়ি শুরু করলে পদদলনের ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ভারতে প্রায়শই ভিড়ের চাপে পদদলিত হওয়ার ঘটনা দেখা যায়। গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে একটি রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটে।