যশোর অফিস : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিল, সার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে যশোরে কর্মিসভা ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শহরের দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মিসভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী আব্দুল হামিদ। সভা পরিচালনা করেন পলাশ বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম।
সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা সম্পাদক তসলিম উর রহমান, নাজিম উদ্দিন, মিজানুর রহমান, অধ্যাপক ইসরারুল হক, সকিনা বেগম দিপ্তি, চৈতন্য কুমার পাল ও সিরাজুল ইসলামসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। তাঁরা সরকারের বিমান কেনার উদ্যোগের সমালোচনাও করেন।
বক্তারা আরও বলেন, সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কৃষক ও সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। সার সিন্ডিকেট ভেঙে সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, ইরি-বোরো মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলার নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি জানান তাঁরা।
দাবি পূরণে দ্রুত পদক্ষেপ না নিলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।
কর্মিসভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

