গোপালগঞ্জের কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। প্রচলিত আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে মঞ্চ ছেড়ে শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের হাতে ফুল তুলে দিয়ে স্বাগত জানান গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।
সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন তিনি। তার এই ব্যতিক্রমী উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।
কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. এনায়েত বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী ও কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার এবং সাবেক ভিপি ও বিএনপি নেতা ফায়েকুজ্জামান উপস্থিত ছিলেন।
এ ছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, নবীন ও বর্তমান শিক্ষার্থী, বিএনপি ও এর সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য এসএম জিলানী নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি মাদক থেকে দূরে থাকা এবং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। শিক্ষাজীবনের শুরু থেকেই সুশিক্ষা ও ভালো চরিত্র গঠনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অত্র কলেজ থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় গত বছর ভর্তি হওয়া ৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
