‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, দুর্যোগবিষয়ক সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকালে সরকারি জিবিজি কলেজ মাঠে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর রতন কুমার দেবনাথের পরিচালনায় ফায়ার সার্ভিসের সদস্যরা এতে জরুরি উদ্ধার তৎপরতা প্রদর্শন করেন।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরী তাসমিন উর্মির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান خان আজাদ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা এবং বিআরডিবি চেয়ারম্যান হারুন অর রশিদসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, যেকোনো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও পারিবারিক প্রস্তুতির বিকল্প নেই। দুর্যোগের ঝুঁকি হ্রাস, পূর্বাভাস অনুসরণ এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি পরিবারকে সক্ষম করে গড়ে তুলে একটি দুর্যোগ সহনশীল সমাজ প্রতিষ্ঠার তাগিদ দেন তারা।
জেএইচআর
