কালবেলা · সাধারণ
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
১৫/১০/২০২৬

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ভারতীয় সীমান্তবর্তী ২৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসব পূজামণ্ডপের নিরাপত্তায় টহল, গোয়েন্দা নজরদারি ও সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন বিজিবি সদস্যরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী গৃহীত নিরাপত্তা পরিকল্পনার আওতায় ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত দুটি এবং সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ২২টি পূজামণ্ডপকে নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করবে বিজিবি।
এছাড়া গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায়ও প্রস্তুত থাকবে বাহিনীটি।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান কালবেলাকে বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাংলাদেশের ঐতিহ্য। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি জনসাধারণ ও গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ।’
তিনি গুজবে কান না দেওয়া, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বিজিবি অধিনায়ক উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দময় করতে সবার সহযোগিতা কামনা করেছে।
মূল প্রতিবেদনে যান ↗