স্টাফ রিপোর্টার : মেয়াদোত্তীর্ণ, নকল ও নিষিদ্ধ প্রসাধনসামগ্রী বিক্রির দায়ে সিলেট নগরীর লালদিঘীরপাড় হকার মার্কেটের পাঁচটি কসমেটিকসের দোকানকে ১ লাখ ৪১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অপরাধে পুনরায় জরিমানা করার পর একটি দোকান সিলগালাও করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশুর নেতৃত্বে অভিযানে মেয়াদোত্তীর্ণ, নকল ও নিষিদ্ধ প্রসাধনসামগ্রী বিক্রির দায়ে পাঁচটি দোকানকে জরিমানা করা হয়। একই অপরাধে আগে জরিমানা করা হয়েছিল-এমন একটি দোকানে পুনরায় অপরাধের প্রমাণ পাওয়ায় সেটি সিলগালা করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া জানান, ভেজাল পণ্যের বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দল সহযোগিতা করে।
