সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে শুধু জয় পেলেই হবে না, ফাইনালের টিকিট পেতে মেলাতে হবে নেট রান রেটের কঠিন সমীকরণও।
জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৯৯ রানে হেরে বিপাকে পড়েছে বাংলাদেশ। ফলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছে তাদের জন্য বাঁচা-মরার লড়াই। আগামী শুক্রবারের ফাইনালে জায়গা করে নিতে হলে ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ার পাশাপাশি প্রতিপক্ষকে নির্দিষ্ট ব্যবধানে হারাতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।
শারজায় বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশকে জিততে হবে অন্তত ৪১ রানের ব্যবধানে। অর্থাৎ প্রথমে ব্যাট করে বাংলাদেশ যদি ২৫০ রান করে, তাহলে আফগানদের আটকে দিতে হবে ২০৯ রানের মধ্যে।
অবশ্য টস জিতে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় ব্যাটিংয়ের সিদ্ধান্ত না নিলে, সমীকরণটা আরও কঠিন হতো। সেক্ষেত্রে ২০১ রানের লক্ষ্য তাড়া করতে হতো ৪০.৩ ওভারে, ২৫১ রান ৪১.৩ ওভারে আর ৩০১ রান ৪২.২ ওভারে।
এদিকে বাঁচা-মরার এ ম্যাচে টাইগারদের একাদশে আনা হয়েছে তিন পরিবর্তন। রিশাদ হোসেন, মোসাদ্দেক হোসেন ও নুরুল হাসান সোহানের জায়গায় খেলবেন মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন ও অভিষিক্ত আলিস আল ইসলাম।
অন্যদিকে, আফগানিস্তান অধিনায়ক রহমত শাহ জানিয়েছেন, টস জিতলে তারাও আগে ব্যাট করতেন। দলটিতে দুটি পরিবর্তন এসেছে। ফজলহক ও জিয়াউর রহমানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ইয়ামিন আহমদজাই ও বিলাল সামি।
দুই দলের একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আলিস আল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, এএম গজনফর, ইয়ামিন আহমদজাই ও বিলাল সামি।
