বিবৃতিতে বলা হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সাংবাদিকের ওপর হামলা ও হত্যার মতো বর্বরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়
সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের নৃশংস হত্যাকাণ্ডে গভীর ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। এ হত্যাকাণ্ডকে স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারের ওপর ভয়াবহ আঘাত হিসেবে উল্লেখ করেছে সংবাদপত্র সম্পাদকদের সংগঠনটি।
আজ এক বিবৃতিতে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং তার সহকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করে সম্পাদক পরিষদ।
বিবৃতিতে বলা হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সাংবাদিকের ওপর হামলা ও হত্যার মতো বর্বরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সম্পাদক পরিষদ এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক, ব্যক্তিগত কিংবা সাংবাদিকতাসংশ্লিষ্ট বিরোধ বা পূর্ববর্তী হুমকির ঘটনা রয়েছে কিনা, তাও গুরুত্বের সঙ্গে তদন্ত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, অপরাধীর রাজনৈতিক পরিচয়, সামাজিক অবস্থান কিংবা প্রভাব-প্রতিপত্তি যা-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে।
কোনো প্রভাবশালী মহলের চাপে তদন্ত বাধাগ্রস্ত হলে কিংবা অপরাধীরা দায়মুক্তি পেলে তা দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও আইনের শাসনের প্রতি জনগণের আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ভয় দেখিয়ে, হামলা চালিয়ে কিংবা হত্যা করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না।
এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্য গণতান্ত্রিক শক্তি, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট সব মহলের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে আরো বলা হয়, সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। সত্য প্রকাশের অধিকার রক্ষায় কোনো আপস চলবে না।
সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের পক্ষ থেকে বিবৃতিটি দেয়া হয়।
