নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মদনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মদন চৌরাস্তা মোড়ে উপজেলার সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া এলাকায় একটি চায়ের দোকান থেকে বের হওয়ার পর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকির।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল মাহবুবুর আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, বাংলাদেশ প্রেসক্লাবের মদন শাখার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মাসুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আমিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, সরকারি হাজী আব্দুল আজিজ ডিগ্রি কলেজের প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, জুলাই যোদ্ধা ও সাংবাদিক ইমরান হোসেন, মোহন মিয়া, আব্দুল কাইয়ুম ও শামসুল হক চ্যাম্পিয়নসহ অনেকে।
