কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় চার মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। গত সোমবার (১৯ অক্টোবর) ৪ বিজিবির আওতাধীন টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট ও উলুবনিয়া সীমান্তে পৃথক অভিযান চালানো হয়।
আটকরা হলেন- টেকনাফের হোয়াইক্যং কাটাখালির বক্কর আহমেদের ছেলে শাকিল (২২), মৃত কাদেরের ছেলে রাসেল (২৩), চট্টগ্রামের ডবলমুরিং থানার গোসাইলভাঙা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩১) এবং উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত সিদ্দিকের ছেলে খায়রুল আমিন (২৪)।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম। তিনি জানান, এসব অভিযানে ১৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ চার মাদক কারবারিকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে একটি ডাবল কেবিন পিকআপ আটক করা হয়। গাড়িটি মৌলভীবাজার থেকে টেকনাফ হয়ে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। রাত আনুমানিক ৮টার দিকে পিকআপটি হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে পিকআপের পেছনের সিট কভারের নিচে বিশেষ কায়দায় লুকানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করা হয়।
দ্বিতীয় অভিযানে রাত ৯টার দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হোয়াইক্যং উলুবনিয়া নামক স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অ্যাম্বুশ করে বিজিবির একটি টহল দল। এ সময় ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে শাকিলসহ তিনজনকে আটক করা হয়।
