নান্দাইলে চিহ্নিত মাদক কারবারিদের গ্রেফতার
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫ নং গাংগাইল ইউনিয়নের গয়েশপুর পাঁচপাড়া এলাকায় মাদক, ইয়াবা কারবারি ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধ এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ) সকাল ১১টায় গয়েশপুর পাঁচপাড়া এলাকায় স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় সুমন ও মাকসুদা আক্তার নামে ভাইবোন ইয়াবাসহ মারাত্মক মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। এর ফলে এলাকার উঠতি বয়সের যুবসমাজ ও স্কুল-কলেজের ছাত্ররা মাদকের নীল ছোবলে ধংসের দিকে ধাবিত হচ্ছে। বক্তারা অবিলম্বে এলাকাকে মাদকমুক্ত করা এবং জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এছাড়া মাদক ব্যবসার প্রতিবাদ করায় ও থানা পুলিশকে খবর দিয়ে মাদক ব্যাবসায়ীর বাড়ির ছাদ থেকে গাজা গাছ উদ্ধার করাসহ মাদক বিক্রির ভিডিও ধারণ করায় মোঃ শামীম মিয়া (২৮) নামের স্থানীয় এক যুবককে হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং যুবকের মায়ের মোবাইল ফোন চুরিরও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী শামীম মিয়া বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ভাই-বোনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল হেলিম, গিয়াস উদ্দিন, ভুক্তভোগী শামীম মিয়া, মো: পাভেল, সম্রাট, সাকিব প্রমুখ।
এসময় গয়েশপুর পাছপাড়া গ্রামের যুবসমাজসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিল।
