মোঃ মহিউদ্দিন সরকার, নেত্রকোনা প্রতিনিধিঃ কেন্দুয়া (নেত্রকোনা)
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহোদর দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে বাঁচাতে গিয়ে অপর ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায়। দুই অবুঝ শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাওয়ালীকান্দা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে। তারা হলো—মুয়াজ (৭) ও আরাফাত (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মুয়াজ বিদ্যুৎস্পৃষ্ট হয়। ভাইকে বিপদে দেখে তাকে রক্ষা করতে এগিয়ে যায় ছোট ভাই আরাফাত। এ সময় সেও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়।
ঘটনার সময় শিশু দুটির বাবা-মা বাড়ির পাশের গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। দুই শিশুর চিৎকার শুনে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় দুই শিশুকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
সন্তান হারিয়ে মুহূর্তেই দিশেহারা হয়ে পড়েন বাবা-মা। দুই শিশুর মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো বাড়ির পরিবেশ।
এক ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাইয়েরও প্রাণ হারানোর এমন মর্মান্তিক ঘটনায় কাওয়ালীকান্দা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দুই অবুঝ শিশুর আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে বাড়িতে ভিড় করছেন স্বজন ও এলাকাবাসী।
The post কেন্দুয়ায় বিদ্যুৎ পৃষ্ঠে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু appeared first on সকালের খবর ২৪.
