কালবেলা · বিনোদন
নিজের হাতেই সাবেক স্ত্রীকে বিয়ে দিলেন স্পাইডারম্যান
১৩/১০/২০২৬

সাবেক স্ত্রী জেনিফার মেয়ার ও ব্যবসায়ী জিওফ্রে ওগুনলেসির বিয়েতে পুরোহিতের দায়িত্ব পালন করেছেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। গত ১০ অক্টোবর শনিবার হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে লিওনার্দো ডি ক্যাপ্রিও, জেফ বেজোস, কোর্টনি কক্স ও র্যাচেল জোসহ বেশ কয়েকজন তারকা উপস্থিত ছিলেন।
বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরই এ বিয়ের আয়োজন হলো। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ২১ সেপ্টেম্বর টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। প্রায় এক দশক আগে বিচ্ছেদের ঘোষণা দিলেও দুই সন্তানের যৌথ দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের সম্পর্ক সব সময় ঘনিষ্ঠ ছিল।
মায়ের বিয়েতে জেনিফার ও টোবির দুই সন্তান রুবি সুইটহার্ট ও ওটিস টোবিয়াস উপস্থিত ছিল। এছাড়া জিওফ্রের সঙ্গে জেনিফারের নবজাতক কন্যাও অনুষ্ঠানে ছিল। ৪৯ বছর বয়সী জেনিফার বিয়েতে পরেছিলেন সাদা রঙের স্ট্র্যাপলেস গাউন, আর জিওফ্রে বেছে নেন কালো স্যুট ও বো-টাই।
অনুষ্ঠানে লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমিকা ভিটোরিয়া সেরেত্তি এবং জেফ বেজোসের স্ত্রী লরেন সানচেজ বেজোসও অংশ নেন।
জেনিফার মেয়ার ও জিওফ্রে ওগুনলেসির সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আসে ২০২৩ সালে। ওই বছরের নভেম্বরে লস অ্যাঞ্জেলেসভিত্তিক অলাভজনক সংস্থা ‘বেবি২বেবি’র বার্ষিক গালায় একসঙ্গে লালগালিচায় হাজির হন তারা। দারিদ্র্যের মধ্যে থাকা শিশুদের পোশাক ও ডায়াপার সহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা এই সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য জেনিফার।
২০২৪ সালের আগস্টে জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন জিওফ্রে। ইনস্টাগ্রামে বাগদানের খবর জানিয়ে তখন জেনিফার লিখেছিলেন, ‘হ্যাঁ!!!’
চলতি ২০২৬ সালের শুরুর দিকে এই দম্পতির প্রথম কন্যাসন্তানের জন্ম হয়। জুনে ফাদার্স ডে উপলক্ষে ইনস্টাগ্রামে জিওফ্রেকে শুভেচ্ছা জানিয়ে মেয়ের জন্মের খবর নিশ্চিত করেন জেনিফার। পোস্টে তিনি লেখেন, ‘আমাদের নিখুঁত ছোট্ট মেয়েকে নিয়ে একটি নিখুঁত মাস কাটালাম। আমরা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। শুভ বাবা দিবস।’
জিওফ্রে ওগুনলেসি বিনোদন ও সংগীত ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘দ্য ওগুনলেসি গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রতিষ্ঠানটির সঙ্গে ইয়ং থাগ, চার্লিওনাফ্রাইডে ও মাইলস ফ্রস্টের মতো শিল্পীরা যুক্ত রয়েছেন। তিনি নাইজেরিয়ার ধনকুবের আইনজীবী ও বিনিয়োগ ব্যাংকার আদেবায়ো ওগুনলেসির ছেলে। অন্যদিকে জেনিফার নিজের নামে ‘জেনিফার মেয়ার জুয়েলারি’ ব্র্যান্ড পরিচালনা করছেন।
২০০৩ সালে ‘সিবিস্কুট’ সিনেমায় কাজ করার সময় টোবি ম্যাগুয়ারের সঙ্গে জেনিফারের পরিচয় হয়। ২০০৬ সালে তাদের মেয়ে রুবি সুইটহার্টের জন্ম হয় এবং ২০০৭ সালে হাওয়াইয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০৯ সালে জন্ম নেয় তাদের ছেলে ওটিস টোবিয়াস।
নয় বছরের দাম্পত্যের পর ২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। এরপর ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার, যা সম্প্রতি ২০২৬ সালের ২১ সেপ্টেম্বর চূড়ান্ত রূপ নেয়।
বিয়ে ভেঙে গেলেও সন্তানদের একসঙ্গে বড় করার বিষয়ে তাদের সম্পর্ক বেশ সহজ ও বন্ধুত্বপূর্ণ। চলতি বছরের মে মাসে ‘পিপল’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিফার তাদের পারিবারিক মেলবন্ধন নিয়ে কথা বলেন।
তিনি জানান, তারা সবাই একসঙ্গে ভ্রমণ করেন, প্রতিটি ছুটির দিন ও জন্মদিন একসঙ্গে পালন করেন। টোবির প্রশংসা করে জেনিফার আরও বলেন, ‘সে অসাধারণ একজন বাবা। প্রাক্তন স্বামী হিসেবেও অসাধারণ। জিওফ্রে তাকে ভালোবাসে, সেও জিওফ্রেকে ভালোবাসে। সবকিছু এভাবেই সুন্দরভাবে চলছে।’
সূত্র: এনডিটিভি
মূল প্রতিবেদনে যান ↗