কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে বদলে যাচ্ছে কাজের ধরন, দক্ষতার চাহিদা এবং কর্মক্ষেত্রের বাস্তবতা। এই পরিবর্তনকে ভয় পাওয়ার কিংবা এআইকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার সময় এখন নয়; বরং এআইকে দক্ষ সহযোগী হিসেবে কাজে লাগাতে পারাটাই ভবিষ্যতে এগিয়ে থাকার অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা। এআই মানুষের বিকল্প নয়; বরং মানুষের সক্ষমতা বাড়ানোর একটি শক্তিশালী প্রযুক্তি। দ্রুত তথ্য বিশ্লেষণ, লেখার খসড়া তৈরি, ডেটা সাজানো, গবেষণার প্রাথমিক কাজ কিংবা কোডিংয়ের মতো ক্ষেত্রে এআই খুব দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে পারে। অন্যদিকে সৃজনশীল চিন্তা, অভিজ্ঞতা, সহানুভূতি, নেতৃত্ব, বিচার-বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষের ভূমিকা এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এআইকে দিয়ে কাজের প্রাথমিক ধাপগুলো দ্রুত সম্পন্ন করিয়ে নেওয়ার পর নিজের জ্ঞান, অভিজ্ঞতা ও বিবেচনাবোধ দিয়ে তা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াই হতে পারে সবচেয়ে কার্যকর পদ্ধতি।
প্রতিদিনই নতুন নতুন এআই টুল ও সুবিধা যুক্ত হচ্ছে। তবে এআইয়ের দেওয়া তথ্যের ওপর অন্ধভাবে নির্ভর করা উচিত নয়। এআই কখনো ভুল, অসম্পূর্ণ কিংবা বিভ্রান্তিকর তথ্য দিতে পারে; বিশেষ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, গবেষণা বা পেশাগত কাজে ব্যবহারের আগে তথ্য নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করে নেওয়া জরুরি। একই সঙ্গে ব্যক্তিগত ও গোপনীয় তথ্য এআই ব্যবহারের সময় যথেষ্ট সতর্ক থাকতে হবে। ভবিষ্যতের কর্মক্ষেত্রে তাই মূল প্রতিযোগিতা হয়তো এআই বনাম মানুষ হবে না; বরং কে এআইকে কতটা দক্ষতার সঙ্গে কাজে লাগাতে পারে, সেটিই বড় বিষয় হয়ে উঠবে। যে ব্যক্তি নিজের জ্ঞান, অভিজ্ঞতা ও সৃজনশীলতার সঙ্গে এআইয়ের গতি ও সক্ষমতাকে যুক্ত করতে পারবেন, তিনি একই কাজ আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারবেন। তাই এআইকে ভয় নয়, বুঝতে হবে। প্রতিযোগী নয়, সহযোগী হিসেবে গ্রহণ করতে হবে। মানুষের মেধা ও এআইয়ের প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয়ই হতে পারে আগামী দিনের কর্মজীবনে সাফল্যের অন্যতম বড় চাবিকাঠি।
