জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর উত্তরায় মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসানসহ ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। একইসঙ্গে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ঠা নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
গতকাল বিরতির পরে বেলা পৌনে ২টায় এজলাসে ওঠেন ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ ৩ সদস্য। এ সময় আসামির কাঠগড়ায় মামলায় গ্রেপ্তার ৮ আসামি উপস্থিত ছিলেন। পরে, তাদের উপস্থিতিতে আনীত অভিযোগগুলো বাংলায় পড়ে শোনান বিচারপতি নজরুল ইসলাম। তিনি বলেন, মামলার অভিযোগপত্র ইংরেজিতে হলেও আসামি ও উপস্থিত সকলের বোঝার সুবিধার্থে এটি বাংলায় পড়ে শোনানো হচ্ছে। পরে উপস্থিত আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়া শেষে কাঠগড়ায় থাকা আসামিদের দোষী নাকি নির্দোষ জিজ্ঞেস করেন ট্রাইব্যুনাল। এ সময় নিজেদের নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন আসামিরা। পরে চেয়ারম্যান বলেন, যেহেতু আপনারা নির্দোষ দাবি করছেন তাহলে মামলাটির বিচার করতে হবে। পরে মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
মামলায় ২৬ আসামির মধ্যে গ্রেপ্তার ৮ আসামি হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো. মজিবুর রহমান, আজমপুর পুলিশ ফাঁড়ির সাবেক কনস্টেবল মো. হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, যুবলীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন রুবেল, আওয়ামী লীগ নেতা মো. সোহেল রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. শাহ আলম ও তুরাগ থানা এলাকার আওয়ামী লীগ কর্মী মো. ইরফানুল হক গাজী। এ ছাড়া সাবেক এমপি হাবিব হাসান-ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১৮ জন পলাতক রয়েছেন।
পলকের বিরুদ্ধে আনা অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা হতে পারে: এদিকে, মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আসামিপক্ষ বিচারপ্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে প্রসিকিউশন। এ সময় ট্রাইব্যুনালে দাঁড়িয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এটা যুদ্ধ, মাননীয় আদালত। গতকাল ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে মামলার কার্যক্রম পেছানোর বিরোধিতা করে প্রসিকিউশন যুক্তি উপস্থাপনের সময় কাঠগড়ায় দাঁড়িয়ে এমন মন্তব্য করেন পলক। এদিন মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ১০ম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন বিটিআরসি’র এক কর্মকর্তা। মামলায় পলক ছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কেও আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন।
সাক্ষীর জবানবন্দি শেষ হওয়ার পর জেরার জন্য আসামিপক্ষের আইনজীবীরা পর্যাপ্ত সময় চান। তাদের দাবি, প্রসিকিউশনের সরবরাহ করা নথির কিছু পৃষ্ঠা অস্পষ্ট ও দ্ব্যর্থক। তাই নথিগুলোর স্পষ্ট কপি সরবরাহ এবং সাক্ষীকে জেরা করার জন্য আরও সময় প্রয়োজন। এ আবেদনের বিরোধিতা করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, আসামিপক্ষ যেসব নথির কথা বলছে, সেগুলো ওইদিনের জেরার সঙ্গে প্রাসঙ্গিক নয়। তখন পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, পলকের বিরুদ্ধে আনা অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা হতে পারে। তাই আসামিপক্ষকে পর্যাপ্ত সময় দেয়া উচিত। পরে বিচারিক কার্যক্রম মুলতবি করে জেরার জন্য সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
