কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড কাপ্তান বাজার এলাকার যুবদল নেতা আবু কাউসারকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা । বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান ।
শুক্রবার মধ্য রাতে কুমিল্লা নগরীর ১৮ নম্বর ওয়ার্ড নুরপুর একটি বাড়ি থেকে আবু কাউসার হত্যার মূল অভিযুক্ত তৌহিদকে ডিবি পুলিশ আটক করে।
বিজ্ঞাপন
স্থানীয় কুমিল্লা মহানগর ৫৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসিফ মাহমুদ জহির বলেন, যুবদল নেতা আবু কাওসার হত্যার মূল অভিযুক্ত তৌহিদ নুরপুর একটি বাড়িতে লুকিয়ে আছে খবর পেয়ে স্থানীয় জনতা বাড়িটি ঘেরাও করে । সে আধা ঘণ্টা ঘরের ভেতর লুকিয়ে ছিল । পরে পুলিশকে ফোন করা হলে আধা ঘণ্টা পর এসে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি জানান, ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে নুরপুর থেকে তাকে আটক করা হয়।
কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লব বলেন, মূল অভিযুক্ত তৌহিদ আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত । এলাকার বিভিন্ন মানুষের জমি দখল করে ব্যবসা করছে । নিজের আধিপত্য বিস্তার টিকিয়ে রাখতেই এই হত্যাকাণ্ড করেছে ।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, নিহত আবুল কাউসার দক্ষিণ জেলা যুবদলের সাবেক সদস্য । তিনি যুবদলের নিবেদিত নেতা ছিলেন । তার হত্যার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি করছি।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, এখনও মামলা করা হয়নি। নিহত কাউসার এর লাশ শনিবার দুপুরে জানাজা, দাফন করে ভিকটিমের পরিবার মামলা করবে। নিহত আবু কাউসারের পরিবার শোকাহত তাই তারা কাল মামলা করেনি।
এমএইচ
