Published on
:
2 min read
এই সময়: ফি বছরের মতো চলতি বছরেও উৎসব শুরুর ঠিক আগেই 'বিশেষ সেল' দেওয়া শুরু করেছে একাধিক ই-কমার্স সংস্থা। যার জেরে বিশেষ ছাড়ে পণ্য বিক্রির সিজ়ন শুরু হওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই অনলাইন বাজারজুড়ে সৃষ্টি হয়েছে 'আলোড়ন'। সম্প্রতি এক রিপোর্টে এমনটাই দাবি করলেন রেডসিয়ার স্ট্র্যাটেজি কনসালট্যান্টস কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, সেল শুরু হওয়ার দু'দিনের মধ্যেই সামগ্রিক ভাবে ই-কমার্স প্ল্যাটফর্মগুলি প্রায় ২৪,০০০ কোটি টাকার পণ্য বিক্রি করেছেন।
অ্যামাজ়ন, ফ্লিপকার্ট, মিশো, আজিয়ো-সহ একাধিক মার্কেটপ্লেস মিলিয়ে ৮-৯ কোটি অর্ডার করেছেন ব্যবহারকারীরা। যার উপরে ভর করেই এত বড় অঙ্কের (ভ্যালু টার্ম) পণ্য বিক্রি করতে পেরেছে ই-কমার্স সংস্থাগুলি। ওই রিপোর্টে দাবি, বিপুল পরিমাণে মোবাইল ফোনের অর্ডার এই বিক্রির অন্যতম প্রধান চালিকাশক্তি।
শনিবার পর্যন্ত সামগ্রিক ভাবে সংস্থাগুলি ৯,১০০ কোটি থেকে ৯,৬০০ কোটি টাকার মোবাইল বিক্রি করেছে। যার জেরে সংস্থাগুলির মোট পণ্য বিক্রির ৩৮-৪০ শতাংশের 'দখল' নিয়েছে মোবাইল। এ ছাড়াও উৎসবের মরশুমে বিশেষ ছাড়ের সুবিধা পেয়ে দেদার কনজ়িউমার ইলেকট্রনিক্স পণ্যও কিনেছেন ক্রেতারা। জানা গিয়েছে, মাত্র ৪৮ ঘণ্টায় মোট বিক্রির ২৫-২৭ শতাংশই ছিল এই ধরনের পণ্য। যার মধ্যে সব থেকে বেশি চাহিদা দেখা গিয়েছে বড় আকারের টিভি (৫৫ ইঞ্চি), ফ্রিজ় এবং এয়ারকন্ডিশনার-এর।
শুধুমাত্র বৈদ্যুতিন পণ্যই নয়, উৎসবের মরশুমে বিপুল অঙ্কের ছাড় মেলায় পোশাক এবং ফ্যাশন প্রোডাক্ট-এর ক্ষেত্রেও ব্যাপক চাহিদা দেখা গিয়েছে। পরিসংখ্যান বলছে, দেশে দু'দিনে মোট বিক্রির ১৫-১৮ শতাংশ দখল করে রেখেছে ফ্যাশন প্রোডাক্ট।
এ বিষয়ে রেডসিয়ার স্ট্র্যাটেজি কনসালট্যান্টস-এর অ্যাসোসিয়েট পার্টনার নিখিল দালাল জানিয়েছেন, চলতি বছরে ই-কমার্সে উৎসবের মরশুমে বিশেষ ছাড়ে কেনাকাটার ক্ষেত্রে সামনের সারিতে উঠে এসেছেন টিয়ার ২ এবং ছোট ছোট শহরের জেন জ়ি ক্রেতারা। তাঁরা কম দামে ফ্যাশন প্রোডাক্ট কিনেছেন। পাশাপাশি, বৈদ্যুতিন পণ্য এবং গৃহস্থালির বিভিন্ন জিনিসও কেনাকাটার ঝোঁক দেখা গিয়েছে। যা ই-কমার্স সংস্থাগুলিকে মাত্র দু'দিনেই ২৪,২০০ কোটি টাকার লেনদেনে সহায়তা করেছে। ইতিমধ্যেই ৬-৬.৫ কোটি ক্রেতা এই কেনাকাটায় অংশগ্রহণ করেছেন। এই বিশেষ সেল-এর মরশুমে ১০ কোটি ক্রেতা কেনাকাটা করবেন বলে তিনি আশাবাদী।
ওই রিপোর্টে আরও দাবি, সাধারণত দেশজুড়ে ক্রেতারা এক দিনে ই-কমার্স প্ল্যাটফর্মগুলি থেকে যত টাকার জিনিস কেনেন, তার গড়ের তুলনায় দু'দিনে প্ল্যাটফর্মগুলির ব্যবসা ছ'গুণ বেড়েছে। এই সময়ে যাতে দ্রুত ব্যবহারকারীদের হাতে পণ্য পৌঁছে দেওয়া যায়, সেদিকেও বিশেষ জোর দিয়েছেন একাধিক সংস্থা কর্তৃপক্ষ। সেই জন্য তাঁরা নিজেদের ক্যুইক কমার্স প্ল্যাটফর্মকে ব্যবহার করছেন।
