রিল টু রিয়েল। শুধু সিনেমার পর্দাতেই নয়, বাস্তবেও রাবণ বধ করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইয়ামি গৌতম। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘নয়ি নভেলি’তে ইয়ামির বারণ বধের দৃশ্যটি দর্শকমহলে বেশ প্রশংসিত। এবার পর্দার কাহিনি বাস্তবেও। ২০ অক্টোবর, মঙ্গলবার দিল্লির ঐতিহাসিক লালকেল্লা ময়দানে জমকালো দশেরা উৎসবের আয়োজন করা হয়েছে। বিখ্যাত লব-কুশ রামলীলায় প্রতীকী রাবণ বধ করবেন ইয়ামি।
অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের বার্তা বহনকারী এই অনুষ্ঠানে হাজার হাজার দর্শকের সামনে রাবণের উদ্দেশে প্রতীকী রাবণ বধ করবেন অভিনেত্রী। দিল্লির ঐতিহ্যবাহী লব-কুশ রামলীলার মঞ্চে রাবণের প্রতিকৃতিতে প্রতীকী তির নিক্ষেপ করে দশেরা উদযাপনে অংশ নেবেন ইয়ামি গৌতম। পর্দার সেই মুহূর্তকেই বাস্তবে রূপ দিতে চলেছেন অভিনেত্রী তা বলাই বাহুল্য। লব-কুশ রামলীলা কমিটির পক্ষ থেকে অরুণ কুমার বলেন, রাবণ কেবলমাত্র একটি পৌরাণিক চরিত্র নন, অহংকার, অন্যায় এবং সমাজে প্রচলিত নানা অশুভ শক্তিরও প্রতীক।
এবছর একজন নারীর হাতে প্রতীকী রাবণ বধের মাধ্যমে নারীশক্তির ক্ষমতায়ন, নারীর মর্যাদা এবং সম্মানের বিষয়ে একটি ইতিবাচক ও শক্তিশালী বার্তা দিতে চায় সংশ্লিষ্ট কমিটি । বিগত বছরগুলিতে লব-কুশ রামলীলার জাঁকজমকপূর্ণ রাবণ বধ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থেকেছেন বলিউডের একাধিক জনপ্রিয় তারকা। তাঁদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, অজয় দেবগন থেকে জন আব্রাহাম, প্রভাস, করিনা কাপুর এবং পরিচালক রোহিত শেট্টিও। এবছর ইয়ামি গৌতমের অংশগ্রহণ এই ঐতিহ্যবাহী উৎসবে আরও একটি স্মরণীয় অধ্যায় যোগ করতে চলেছে তা বললে অত্যুক্তি হবে না।
এই অনুষ্ঠান নিছক একটি ঐতিহ্যবাহী দশেরা উদযাপনেই সীমাবদ্ধ থাকবে না বরং তা হয়ে উঠবে ভারতীয় নারীর সাহস, মর্যাদা ও শক্তির প্রতীক। একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় এবং অশুভ শক্তির বিনাশের চিরন্তন বার্তাও বহন করবে। লব-কুশ রামলীলা কমিটির পক্ষ থেকে দিল্লিবাসীকে তাঁদের পরিবার ও সন্তানদের নিয়ে ২০ অক্টোবর লালকেল্লা ময়দানে আয়োজিত এই বর্ণাঢ্য দশেরা উৎসবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং নারীশক্তির উদযাপনে এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে চলেছেন হাজার হাজার মানুষ।
