শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে ও পূজামণ্ডপ পরিদর্শনে দেশের তিন বড় বিভাগে ঝটিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম সফর শেষে মঙ্গলবার রাতেই প্রধানমন্ত্রী ঢাকায় প্রত্যাবর্তন করবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। সেখান থেকে বিমানে রাজশাহী পৌঁছে বেলা দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তিনি। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছু সময় অবস্থান শেষে বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দেবেন।
রাজশাহীর কার্যক্রম শেষে বিকেলে বিমানে চট্টগ্রামে পৌঁছাবেন তারেক রহমান। সন্ধ্যায় তিনি নগরীর রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন। পরবর্তীতে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানযোগে রাজধানী ঢাকায় ফিরবেন।
এর আগে রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে দেশের সব সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শারদীয় শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজকের এই অনুষ্ঠানটি কেবল আনন্দের উৎসব নয়, এটি একটি মহা মিলনমেলা।”
