ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ে (ইউএসটিসি) ‘এফএলএস ড. নুরুল ইসলাম মেমোরিয়াল ফুটসাল টুর্নামেন্ট’ উদ্বোধন হয়েছে। খেলাধুলার মনোভাব, দলীয় সংহতি এবং সুস্থ প্রতিযোগিতার মধ্যদিয়ে এই টুর্নামেন্টটি বিশ্ববিদ্যালয়ের সবােইকে একসূত্রে গেঁথেছে বলে অভিমত আয়োজকদের। ইউএসটিসির প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. নুরুল ইসলামের স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।
এই টুর্নামেন্টের উদ্বোধনের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)-এর সহ-সভাপতি ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল। টুর্নামেন্টের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ডা. মোহাম্মদ শাহাঙ্গীর বিশ্বাস।
এই আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে শারীরিক সুস্থতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতা বাড়াবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করার মাধ্যমে এই টুর্নামেন্টটি ক্যাম্পাসে একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সহায়তা করবে বলে মনে করেন আয়োজকরা।
বক্তারা বলেন, এই টুর্নামেন্ট জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের অবদানকে সম্মান জানিয়েছে; তার দূরদর্শী চিন্তা ও অবদানের ফলেই ইউএসটিসি উচ্চশিক্ষা ও জ্ঞান বিকাশে নিবেদিত একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
