লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ পরিবহণের দায়ে ৪ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে দুই জেলেকে ১৩ দিন করে কারাদণ্ড ও পরিবহণকারী ২ জনকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আটকদের কাছ থেকে জব্দকৃত প্রায় ৩ মণ ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হুসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকদের জেল ও জরিমানা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন উপজেলার চরফলকন গ্রামের ফরহাদ হোসেন ও ইসমাইল হোসেন। অর্থদণ্ডপ্রাপ্ত পরিবহণকারীরা হলেন চরফলকন গ্রামের মো. নোমান ও মো. বাচ্চু।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ কমলনগরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেছে। এতে ৪ জনকে আটক করা হয়। অভিযানে প্রায় ৩ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে মাছগুলো স্থানীয় এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে। এসময় মাছ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, ২ বছরের কারাদণ্ড ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
