শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কালীবাড়ী মন্দিরে শারদীয়া দূর্গা পূজায় শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগের বাংলাদেশে আর রাজনীতি করার কোন সুযোগ নেই। ৫ আগস্ট যে আওয়ামী লীগের বিদায় জানিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ, সেই আওয়ামী লীগকে আর কখনোই স্বাগত জানাতে পারে না।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের নাম হয়তো আছে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নেই। আমাদের সরকার স্পষ্ট জানিয়েছে, যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার শেষ হওয়ার আগে বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। একটি দল গণহত্যা চালালো দলীয় সিদ্ধান্ত নিয়ে সেই দলের ব্যানারে আপনি কার্যক্রম পরিচালনা করবেন এটি হতে পারে না। বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরো বলেন, গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্ব পেয়েছে। এই সরকারের দায়িত্ব গণহত্যার বিচার করা, আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া না।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, ইসরাইল হোসেন জীবনসহ প্রমুখ।
