ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টাকালে ৯টি গরুসহ পিকআপ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় মো. মিজান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দাবি, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধে ৩৪টি মামলা রয়েছে।
রোববার (২৫ অক্টোবর) হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া) মুনতাসীরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল সদর থানার করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকাগামী মহাসড়কে এ ঘটনা ঘটে। একটি সাদা মাইক্রোবাসে করে আসা ৫-৬ জনের একটি দল ঢাকা মেট্রো-ন ২২-০৫৫৯ নম্বরের নীল রঙের গরুবাহী পিকআপটির গতিরোধ করে ডাকাতির চেষ্টা করে।
এ সময় পিকআপে থাকা চারজনের মধ্যে তিনজনকে নামিয়ে দেয় ডাকাত দলের সদস্যরা। অপরজনকে নামানোর জন্য তারা ধস্তাধস্তি করছিল। এ অবস্থায় মহাসড়কে টহলরত মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় মিজানকে গ্রেফতার করা হয়। দলের অন্য সদস্যরা মাইক্রোবাসে করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করে জব্দ করে পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার মিজান একজন চিহ্নিত অপরাধী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধে ৩৪টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।