কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুনসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে এ আবেদন করেন হিরো আলম।
অভিযুক্ত অপর দুজন হলেন হিরো আলমের সহযোগী আহসান হাবিব সেলিম (৩০) ও মো. মহিদুল ইসলাম (২৮)।
হিরো আলমের পক্ষের আইনজীবী শান্তা সাকছিনা জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আদালতে করা আবেদনের অভিযোগে বলা হয়, হিরো আলমের সাবেক স্ত্রী সাথী খাতুন তার কাছে এসে মিউজিক ভিডিওতে কাজের সুযোগ দেয়ার অনুরোধ করেন। পরে সংসারের খরচ ও পোশাক কেনার জন্য তাকে অর্থ দেন হিরো আলম।
অভিযোগে আরও বলা হয়, গত ১৭ আগস্ট সাথী খাতুনকে পাঁচ লাখ টাকা দেয়া হয়। পরে ওই অর্থ ব্যাংকে জমা রাখার কথা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২২ আগস্ট ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পর সাথী খাতুন মিউজিক ভিডিওর শুটিং ও সাজসজ্জার জন্য আরও দুই লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন হিরো আলম।
আবেদনে উল্লেখ করা হয়, গত ২৯ সেপ্টেম্বর সাথী খাতুনকে তালাক দেয়ার পর তিন অভিযুক্ত মিলে হিরো আলমের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১২ অক্টোবর অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এসে হিরো আলমের জন্মদিনের অনুষ্ঠানে জনসমক্ষে লাইভে এসে বিষপান করার এবং তাকে জেলে পাঠানোর হুমকি দেন। এ ঘটনায় গত ১৬ অক্টোবর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন হিরো আলম।
