মিন্টু কান্তি নাথ রাজস্থলী উপজেলা প্রতিনিধি:
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটির শিল্প (তাঁত শিল্প) প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে ২০ জন প্রশিক্ষণার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা সাইফ রাসেল।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ৩৮ বীরের অধীন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় গত ১১ অক্টোবর এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। এতে কাঁকড়াছড়ি, ধলিয়াপাড়া, চম্পাতলী, নোয়াপাড়া, ছাগলখাইয়াপাড়া, কুদুমছড়াপাড়া, রমতিয়াপাড়া ও বাঙ্গালহালিয়ার বিভিন্ন এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
প্রশিক্ষক মিলন চৌধুরীর তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীদের তাঁত শিল্পের আধুনিক সরঞ্জাম ব্যবহার, সুতার মান নির্ধারণ, ববিন ও নলি তৈরি, আকর্ষণীয় নকশা প্রণয়ন, কাপড় বুনন এবং তাঁতযন্ত্রের সঠিক রক্ষণাবেক্ষণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা সাইফ রাসেল বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। কুটির শিল্প পাহাড়ি জনপদের সমৃদ্ধ ঐতিহ্যের অংশ। যথাযথ প্রশিক্ষণ কাজে লাগিয়ে নারীরা ও তরুণ সমাজ ঘরে বসেই আয়বর্ধক কাজে যুক্ত হয়ে নিজেদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা বাড়াতে পারবেন।
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি,স্থানীয় গণমাধ্যম কর্মী,স্থানীয় হেডম্যান-কারবারি,গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষক মিলন চৌধুরী এবং সেনা ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তাঁত শিল্প সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও নতুন দক্ষতা অর্জন করেছেন তাঁরা। প্রত্যন্ত অঞ্চল থেকে প্রশিক্ষণস্থলে নিয়মিত যাতায়াতের সুবিধাসহ এমন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
স্থানীয়দের মতে, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পার্বত্য এলাকার মানুষের দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলা এবং আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
The post বাঙ্গালহালিয়া সেনাবাহিনীর উদ্যোগে কুটির শিল্প প্রশিক্ষণ সম্পন্ন,সনদ পেলেন ২০ প্রশিক্ষণার্থী appeared first on sokalerkhobor24.com.
